ইসলাম টাইমস ডেস্ক: আল কোরআন মেমোরাইজিং সেন্টারের উদ্যোগে পর্তুগালের রাজধানী লিসবনে ফ্রি কোরআন বিতরণ করা হয়েছে বাংলা, ইংরেজি ও আরবী তিন ভাষায় অনুদিত কোরআন শরিফ।
পর্তুগালের স্থানীয় সময় শনিবার রাতে লিসবনের কাজা দ্য কবিলহা হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি ব্যক্তিবর্গের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. হাফিজ মুনির উদ্দিন আহমেদ। বক্তব্যে তিনি বলেন, আল কোরআন একাডেমী এ পর্যন্ত বিভিন্ন ভাষায় অনুদিত প্রায় ৮ লক্ষাধিক কোরআন বিতরণ করেছে। ইউকে তে দীর্ঘ সময় বিভিন্ন শহরে আমরাও ফ্রি কোরআন বিতরণ করে আসছি। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে সারাবিশ্বে একাডেমী তার বিতরণ কার্যক্রম আরো ছড়িয়ে দিবে।
আল কোরআন মেমোরাইজিং সেন্টার লিসবন ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগী একটি প্রতিষ্ঠান।
আল কোরআনের বাণী সবার হাতে হাতে পৌঁছে দিতে ফ্রি কোরআন বিতরণ, ইসলামিক সেমিনার আয়োজন ছাড়াও লিসবনে বেড়ে উঠা বাংলাদেশি শিশুদের জন্য ফ্রি কোরআন নুরানী ও হিফজ কোর্স পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। যেখানে ভিন্ন ভিন্ন সময় কোরআন শিখতে আসে শিশুরা।
















