বাবরী মসজিদের স্থানে মন্দির নির্মাণের কর্তৃত্ব নিয়ে হিন্দু সংগঠনগুলোর মধ্যে চলছে বাকযুদ্ধ

ইসলাম টাইমস ডেস্ক: অযোধ্যায় ঐতিহাসিক বাবরী মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট।  মন্দির নির্মাণের জন্য সরকারকে আগামী তিন মাসের মধ্যে ট্রাস্ট গড়ার নির্দেশ দেয় দেশটির আদালত। এই ট্রাস্টে কাদের আধিপত্য ও কর্তৃত্ব থাকবে ইতিমধ্যেই তা নিয়ে হিন্দু সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য ও প্রকাশ্য বাকযুদ্ধ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এ প্রসঙ্গে  ‘রাম জন্মভূমি’ আন্দোলনের অন্যতম নেতা ও ‘রাম জন্মভূমি ন্যাসে’র সভাপতি নৃত্য গোপাল দাস বলেন, ‘মন্দির নির্মাণের জন্য নতুন করে ট্রাস্ট গঠনের প্রয়োজন নেই। এই কাজের জন্য ন্যাস রয়েছে, এটিই একটি ট্রাস্ট। এছাড়া এতে নির্মোহী আখড়ার মতো সংগঠনগুলো অংশ নিতে পারে।’

কিন্তু, এই প্রস্তাবে রাজি নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্মোহী আখড়ার মহন্ত ধীরেন্দ্র দাস। তার কথায়, ‘আমরা রাম জন্মভূমি ন্যাসের বিরুদ্ধে লড়াই করেছি। কি করে একজন আশা করতে পারেন যে নির্মোহী আখড়া, ন্যাস গঠিত ট্রাস্টের অংশীদার হবে? পারলে ওরা ওই ট্রাস্ট বিলোপ করে আমাদের ট্রাস্টের অংশীদার হোক।’ তিনি বলছেন, সরকার প্রয়োজনীয় সমাধান করে ট্রাস্টে সবাইকে অন্তর্ভুক্ত করুক।

এ আখড়ার বর্তমান প্রধান মহন্ত সুরেশ দাস জানিয়েছেন, আগামী বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে বৈঠক করবেন তিনি। বর্তমান ট্রাস্ট যাতে মন্দির নির্মাণ করতে না পারে তার জন্য আবেদন করবেন। যা রাম জন্মভূমি ন্যাসের দাবির বিরোধী।

এদিকে ‘রাম জন্মভূমি ন্যাসে’র সভাপতি নৃত্য গোপাল দাস সরকার গঠিত ট্রাস্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘কেন ওই ট্রাস্ট গঠন করা হবে ও কেনইবা তার অংশীদার হবো?’

 

পূর্ববর্তি সংবাদকসবায় ট্রেন দুর্ঘটনা : সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনাকে দায়ী করলেন ফখরুল
পরবর্তি সংবাদবিদেশে নারী শ্রমিক প্রেরণ: সংসদে তোপের মুখে প্রবাসীকল্যাণমন্ত্রী