ইসলাম টাইমস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বশির মিয়া নামক এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ রুপি মুক্তিপণ আদায় করেছে। কলকাতার চব্বিশ পরগণা জেলার হাবড়া এলাকায় একটি অপরিচিত স্থানে তাকে অপহরণ করা হয়।
গত রাবিবার (১০ নভেম্বর) এ ঘটনায় কলকাতার এন্টালি থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা যায়, স্ত্রীর জন্য কিছু গহনা কিনতে ডলার নিয়ে গত সপ্তাহে কলকাতায় পৌঁছান বশির মিয়া। এর পর ব্যবসায়িক দরকারে শনিবার শিয়ালদা এলাকার একটি বিপণিবিতানে কয়েকজন লোকের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে তারা সবাই মিলে দুপুরের খাবার খেয়েছেন। তারপর সবাই ব্যবসায়িক কাজে হাবড়ায় একজনের সঙ্গে দেখা করতে যেতে ট্রেনে উঠেন।
মামলার এজাহারে বলা হয়, বশির হাবড়ায় পৌঁছার পর আসামিরা তাকে অপরিচিত জায়গায় নিয়ে তার হাত বেঁধে ফেলে ও চোখ ঢেকে দেয়। তাদের চাপে বশির বাংলাদেশে বাবার কাছে ফোন করলে মুক্তিপণের জন্য তিনি প্রায় ছয় লাখ রুপি যোগার করে দেন। এবং তার কাছে থাকা ৪৪ লাখ রুপির বিদেশি মুদ্রাও অপহরণকারীরা ছিনিয়ে নিয়ে যায়।
সূত্র: বার্তা সংস্থা পিটিআই।
















