ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের কারা সিঙ্গাপুরে ক্যাসিনো খেলেছে তার তথ্য দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন সে দেশের সরকারকে অনুরোধ করেছে। বুধবার জাতীয় সংসদে সাংসদদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, জুয়াসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে জেলা, উপজেলা ও পৌরসভাসহ সব সেক্টরে এবং স্থানে সরকারের চলমান অভিযান অব্যাহত থাকবে। সরকারি কর্মচারিসহ অপরাধী যেই হোক দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে অনুসন্ধানপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সমাজের সব স্তর থেকে অপরাধ নির্মুল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্যাসিনো ও দুর্নীতির সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানের পাশাপাশি কঠোর গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
রোহিঙ্গা প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর প্রথমে পার্বত্য চট্টগ্রাম ও পরে রোহিঙ্গা সমস্যাটা শুরু হয়। রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে জিয়াউর রহমানের যে হাত ছিলো তা নিয়ে কোনো সন্দেহ নেই।
চট্টগ্রাম ও মোংলা বন্দর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারে ভারতের সঙ্গে এসওপি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভারত আমদানি-রপ্তানির জন্য এ বন্দর দুটি ব্যবহার করতে পারবে। এটি উভয় দেশের জন্যই লাভজনক। ভারতের পাশাপাশি অদূর ভবিষ্যতে নেপাল ও ভুটান আমাদের বন্দর ব্যবহারের সুযোগ গ্রহন করবে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এমনকি চীনের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের রাজ্যসমূহও এ বন্দর দুটি ব্যবহার করতে চাইলে আমরা তাদেরকেও স্বাগত জানাবো। এর ফলে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য ও যোগাযের কেন্দ্রস্থল হিসেবে গড়ে ওঠবে।’
















