ইসলাম টাইমস ডেস্ক: কারাবন্দী খালেদা জিযার মুক্তির জন্য আনেআলন গড়ে তুরতে না পারায় বিএনপিকে একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসাবে অভিহিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের জন্য তৈরি মঞ্চ পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, এ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ব্যর্থ রাজনীতিক। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। খালেদার মুক্তির জন্য একটি আন্দোলনও তারা করতে পারেনি। দলে ভাঙন ধরেছে।
ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী যুবলীগের নেতৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা। তাছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। তিনি জানেন কাকে কোন দায়িত্ব দিতে হবে।সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় নির্মিত মঞ্চে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সম্মেলন হবে।
এ সময় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মির্জা আজম, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
















