যে কারণে রংপুর এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হলো

ইসলাম টাইমস ডেস্ক: রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন জানিয়েছেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে সিগন্যাল ব্যবস্থাপনার ত্রুটির কারণে রংপুর এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে তিনি গনমাধ্যমকে বলেন, খবর পেয়েছি ঘটনাস্থলের সিগন্যালিং পয়েন্টের সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে। সেখানে সিগন্যালিং সেট ছিল না, ফলে ট্রেনটি এক লাইন থেকে অন্য লাইনে যেতে গিয়ে সমস্যায় পড়ে। ট্রেনটিতে প্রবল ঝাঁকুনির সৃষ্টি হয় এবং শর্টসার্কিটের ঘটনা ঘটে। এর ফলেই অগ্নিকাণ্ড ঘটে এবং বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা কাজ করছে। এছাড়া গঠিত তদন্ত কমিটিও বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও উল্লাপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে জানা গেছে, ঘটনার তদন্তে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পর্যায়ে দুটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। আকস্মিক দুর্ঘটনার কারণে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ায় ট্রেনের দরজা- জানালা দিয়ে লাফিয়ে যাত্রীরা নামতে থাকেন। দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম রংপুর এক্সপ্রেসের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার কথা জানালেও উল্লাপাড়া স্টেশনের সহকারী মাস্টার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন দুর্ঘটনায় ইঞ্জিন ছাড়াও সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

পূর্ববর্তি সংবাদস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি: গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়ে সংবাদ প্রকাশে সতর্ক হওয়ার অনুরোধ
পরবর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকার দায়ে সুচির বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা