ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে কর্মরত ২ লাখ ২০ হাজার নারীকর্মীর মধ্যে ৫৩ জনের লাশ ফিরে এসেছে; এটা খুবই নগণ্য ব্যাপার। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় ছয় লাখ নারী কর্মী বিদেশে কাজ করেন। এর মধ্যে ২ লাখ ৭০ হাজারের মতো সৌদি আরবে আছেন। অভিযোগগুলো বেশির ভাগই সৌদি আরব থেকেই আসে।
তিনি বলেন, সৌদি আরবেই কাজ করা ২ লাখ ৭০ হাজার নারীর মধ্য থেকে ফিরে এসেছেন আট হাজারের মতো। ৯৯ শতাংশ নারী ম্যানেজ করে নিয়েছেন; দেশে টাকাও পাঠাচ্ছেন।
সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে ফেরা নারীর সংখ্যা খুব বেশি নয় উল্লেখে করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাত্র ৮ হাজার নারী ফিরে এসেছেন যা খুবই নগন্য। নারীরা দূতাবাসের শেল্টারহোমে অভিযোগ না করে দেশে এসে অত্যাচারের কথা বলেন। যদি সংখ্যা দেখেন তাহলে খুবই ছোট একটা সংখ্যা।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি থেকে ৫৩ জন নারীর মৃতদেহ এসেছে। এর কতজন আত্মহত্যা করেছেন তা আমরা জানি না। ব্র্যাকের একটা স্টাডিজে দেখেছি সর্বমোট ৫৩ জনের লাশ ফিরেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক নারী দেশে ফিরে বলেন, তার মনিব তাকে অত্যাচার করেছেন। তিনি যদি আমাদের শেল্টার হোমে ফিরে তথ্য দেন তাহলে আমরা মামলা করতে পারি। কিন্তু তারা ওখানে না বলে দেশে ফিরে এ ধরনের অভিযোগ করেন। তথ্য দিলে সৌদি সরকার দ্রুত ব্যবস্থা নেয়। কিন্তু ভয় কিংবা অন্য কোনো কারণে আমাদের শেল্টার হোমে থাকার পরেও তারা সেখানে কিছু বলেন না।
















