লেবাননে নতুন প্রধানমন্ত্রী হতে পারেন মোহাম্মাদ সাফাদি

ইসলাম টাইমস ডেস্ক : লেবাননে বিক্ষোভের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির স্থলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে লেবাননের সাবেক অর্থমন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদিকে। খবর রয়টার্সের।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল এ বিষয়ে বলেছেন, মোহাম্মাদ সাফাদি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি অতীতে মন্ত্রী থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ নেই।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি রাজনৈতিক দল মোহাম্মাদ সাফাদিকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দিয়েছে এবং তিনি নিজেও এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন।

এর আগে, লেবাননের গণমাধ্যমগুলো জানায়, দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো সাফাদিকে নতুন সরকার প্রধান করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।

গত ১৭ অক্টোবর থেকে দেশজুড়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়।এর জের ধরে ২৯ অক্টোবর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। প্রেসিডেন্ট মিশেল আউন তার পদত্যাগপত্র গ্রহণ করে নয়া সরকার গঠনের লক্ষ্যে গত প্রায় তিন সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনা চালিয়ে আসছেন।

পূর্ববর্তি সংবাদজয়পুরহাটে চাঁদা আদায় করতে গিয়ে ভুয়া সাংবাদিক গ্রেফতার
পরবর্তি সংবাদ১৯ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন