ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজ নিয়ে কারসাজি চলছেই। চট্টগ্রামের খাতুনগঞ্জের পর রাজশাহীর বাঘা থেকেও এসেছে অস্বাভাবিক পন্থায় পেঁয়াজ গুদামজাত করার খবর। দেশব্যাপী যখন পেঁয়াজের বাজারে আগুন-তখন বাঘা উপজেলায় এক শ্রেণির মোনাফা লোভী ব্যবসায়ীদের বাড়িতে পেঁয়াজের মজুদ (গুদাম) থাকার অভিযোগ উঠেছে। বিভিন্ন হাটে-বাজারে যারা পেঁয়াজ বিক্রি করছেন তারা এ তথ্য নিশ্চিত করেছেন। অথচ এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোন নজরদারি নেই। ফলে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে কেজি প্রতি ২৫০ টাকায় ছাড়িয়েছে।
স্থানীয় লোকজনসহ উপজেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, রাজশাহীর যে-সমস্ত এলাকায় যে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে তার মধ্যে বাঘা অন্যতম। এই উপজেলার ৭টি ইউনিয়ন এবং দুটি পৌর সভার সবখানেই কমবেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে প্রতি বছর সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে উপজেলার পদ্মার চরে। যা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের অন্যত্র সরবরাহ হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শফিউল্লা সুলতান বলেন, ব্যবসায়ীরা পেঁয়াজ গুদামজাত করে রেখেছেন কি-না সেটা আমার জানা নাই। তবে বাঘা উপজেলায় যে সমস্ত ফসল উৎপাদন হয় তার মধ্যে পেঁয়াজ অন্যতম।
তিনি বলেন, গত সেপ্টেম্বরের শেষ থেকে অস্থির হয়ে উঠে পেঁয়াজের বাজার। ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত। বাংলাদেশ পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের ওপরই নির্ভরশীল। ফলে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
















