বৃটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে আফগানিস্তান ও ইরাকে চালানো যুদ্ধাপরাধের তথ্য গোপনের অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তান এবং ইরাকে ব্রিটিশ বাহিনীর হাতে বেসামরিক নাগরিক নিহত হবার ধামাচাপা দেবার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের সরকার এবং দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে।

বিবিসি প্যানোরমা এবং ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসের এক অনুসন্ধান দল ১১জন ব্রিটিশ গোয়েন্দার সঙ্গে কথা বলেছে, যারা জানিয়েছেন ঐ দুটি দেশে যুদ্ধাপরাধ সংগঠিত হবার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, ঐসব হত্যাকাণ্ডের জন্য সৈন্যদের বিচার শুরু হওয়া উচিত ছিল। যদিও অপরাধ ধামাচাপা দেবার অভিযোগ প্রমাণবিহীন বলে প্রত্যাখ্যান করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ বাহিনী যখন ইরাকের নিয়ন্ত্রণ নেয়, সে সময় হওয়া যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করেছে ইরাক হিস্টোরিক অ্যালেগেশন টিম বা ইহাট। একইভাবে আফগানিস্তানে হওয়া যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করেছে অপারেশন নর্থমুর নামে আরেকটি প্রকল্প। ব্রিটিশ সরকার পরে ইহাট এবং অপারেশন নর্থমুর দুইটি তদন্তই বন্ধ করে দিয়েছিল।

এই দুইটি তদন্তের ভিত্তিতে নতুন সব তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি প্যানোরমা এবং সানডে টাইমসের তদন্ত দল।

তবে বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আইন মেনে ওইসব দেশে অপারেশন চালানো হয়েছে এবং যেকোনো অভিযোগের পূর্ণ তদন্ত করা হয়েছে। ঐসব দেশে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে বলে বিবিসির যে দাবি, তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। যুদ্ধাপরাধ নিয়ে প্যানোরমার এই প্রতিবেদন সোমবার ১৮ই নভেম্বর বিবিসি ওয়ানে প্রচারিত হবে।

খবর : বিবিসি বাংলা

 

 

 

পূর্ববর্তি সংবাদহলি আর্টিজান মামলার রায় ঘোষণা করা হবে ২৭ নভেম্বর
পরবর্তি সংবাদঋণের দায়ে ‘এয়ার ইন্ডিয়া’ বিক্রি করে দিচ্ছে ভারত সরকার