ইসলাম টাইমস ডেস্ক: স্কুল শিক্ষার্থীদের কম বয়সে গর্ভবতী হওয়া ঠেকাতে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কনডম বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার একটি নামকরা হাইস্কুল ম্যাসাচুসেটসের লিন কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ সিদ্ধান্ত নেয়া হয়।
আমেরিকার ম্যাসাচুসেটসের লিন স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বৃহস্পতিবার এক বৈঠকে বসে। ২ ঘণ্টা ধরে আলোচনার পর সিদ্ধান্ত হয় স্কুলের শিক্ষার্থীদেরকে জন্মনিরোধক বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে এবং জন্মনিরোধক বিভিন্ন পন্থা অবলম্বনের জন্য কনডমসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হবে।
ম্যাসাচুসেটসের স্থানীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লিন স্কুলটি হচ্ছে রাজ্যের চতুর্থ বৃহৎ স্কুল। চলতি বছর শুধু এই স্কুলের ৫৭ জন কিশোরী শিক্ষার্থী গর্ভবতী হয়েছে। একই স্কুলের ২১ জন শিক্ষার্থী শুধু গত সেপ্টেম্বর মাসে স্থানীয় হাসপাতালে যৌন বিষয়ক বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েছেন।
এমন পরিস্থিতিতে অভিভাবকদের সাথে আলোচনা করেই স্কুল কর্তৃপক্ষ জন্মনিরোধক বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ এবং বিনামূল্যে কনডম বিতরণ করার সিদ্ধান্ত নেয়।
















