চট্টগ্রামে দেয়ালধসে আহতদের দেখতে গিয়ে লিফট ছিঁড়ে পড়ে গেছেন বিএনপি নেতারা

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে দেয়ালধসে আহতদের দেখতে গিয়ে হাসপাতালের লিফট ছিঁড়ে পড়ে গেছেন বিএনপি নেতারা।আজ সোমবার দুপুরের এই ঘটনায় অবশ্য কেউ তেমন আহত হননি।

জানা গেছে, চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণের পর দেয়ালধসে আহতদের দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দোতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা।

আজ দুপুর ২টার দিকে হাসপাতালের মাঝখানের একটি লিফটে এ ঘটনা ঘটে। এ সময় লিফটে আমীর খসরুর সঙ্গে নগর বিএনপির সভাপতি শাহদাত হোসেন, বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি খুরশিদ জামিল চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে শাহদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আহতদের দেখে পাঁচতলার অর্থোপেডিক বিভাগ থেকে আমরা লিফটে নামছিলাম। দোতলায় এসে লিফট ছিঁড়ে দ্রুত নেমে যায়। নিচতলায় বিকট শব্দে পড়ে যায়। লিফটটি নিচের ফ্লোরের আরও এক হাত নিচে চলে যায়। পরে দরজা আটকে যায়। অনেক কষ্টে আমাদের বের করা হয়। ’

শাহদাত হোসেন আরও বলেন, যদি আরও ওপর থেকে ছিঁড়ে যেত তাহলে ভয়াবহ বিপর্যয় হতো। আল্লাহর রহমতে বেঁচে গেছি। তিনি অভিযোগ করেন, কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় এই ঘটনা ঘটেছে।

এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক আখতারুল ইসলাম জানান, লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনা তাকে কেউ বলেনি। তিনি দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছেন।

পূর্ববর্তি সংবাদদুআয়ে কুনুত আমাদেরকে যে পাঠ গ্রহণ করতে বলে
পরবর্তি সংবাদফিলিস্তিনের আরও জমি কেড়ে নেওয়ার হুমকি দিল ইসরায়েল