৪ দিনেও মেরামত শেষ হয়নি উল্লাপাড়া রেল লাইন

ইসলাম টাইমস ডেস্ক :  সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের পাশে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ৪ দিন পার হলেও ক্ষতিগ্রস্ত রেল লাইনটির পুরোপুরি মেরামত কাজ এখনও শেষ হয়নি।

পুরোপুরি উপড়ে যাওয়া ১নং লাইন স্থাপনের কাজ মাত্র ৪০ ভাগ এগিয়েছে। বাকি কাজ শেষ হতে আরও ২/১ দিন লাগবে। ফলে এখনও সবগুলো ট্রেন বিকল্প উপায়ে ৩নং লাইন দিয়ে ধীরগতিতে যাতায়াত করছে।

অপর দিকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচলেও শিডিউল আরও ভেঙ্গে পড়েছে। প্রতিটি ট্রেন ৫-৭ ঘণ্টা করে লেটে ছেড়ে যাচ্ছে। কোনো কোনোটি ১২ ঘণ্টা পর্যন্ত লেট রয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল হামিদ জানান, সপ্তাহ শেষে এ শিডিউল ঠিক হয়ে যাবে।

এদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ রেললাইনের সয়দাবাদ এলাকা থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত রেল লাইনের অধিকাংশ স্থানের স্লিপার ও ক্লিপ ভাঙ্গা বলে জানা  গেছে।

এছাড়া উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের খামারগাঁও এলাকায় একটি রেলসেতুর নিচে লোহা ও কাঠের ঠেকনা (ক্লিক) দিয়ে তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। এ ছাড়া উল্লাপাড়া উপজেলার লাহিড়ীমহোনপুর ইউনিয়নের বংকিরাট রেলসেতুটি ঝুঁকিপূর্ণ হলেও তার উপর দিয়েই ট্রেন চলাচল করছে। ফলে যে কোন সময় এ রুটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আশংকায় এলাকাবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

পূর্ববর্তি সংবাদমাইকের যত্রতত্র ব্যবহার মানুষের কষ্টের কারণ
পরবর্তি সংবাদভারতের নতুন প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে