ইসলাম টাইমস ডেস্ক: ২০১৪ সাল থেকে ইয়েমেনের ৪ দশমিক ৫ মিলিয়ন শিশু শিক্ষা বঞ্চিত। সৌদি সরকার এবং হুথি বিদ্রোহীদের যুদ্ধের বলি ইয়েমেন। ইয়েমেন এখন মৃত্যু ও ক্ষুধার নগরী। দুর্ভিক্ষের নগরী। অশিক্ষার নগরী।
আজ বুধবার (২০ নভেম্বর) ইয়েমেন সমাজকল্যাণ মন্ত্রণালয় শিশুশিক্ষার এক বার্ষিক রিপোর্ট প্রকাশ করে। সে রিপোর্টে বলা হয়, ২০১৪ সাল থেকে ৪.৫ মিলিয়ন শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
প্রতিবেদনে বলা হয়, রক্তক্ষয়ী যুদ্ধে ইয়েমেনের অনেক শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে ফেলা হয়েছে। অনেক প্রতিষ্ঠান বিরান পড়ে আছে। যেগুলো আছে অতর্কিত হামলার ভয়ে শিশুরা সেগুলোতে নিয়মিত যাতায়াত করতে সাহস পাচ্ছে না।
প্রতিবেদনে আরও বলা হয়, ভ্রাতৃঘাতি যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ৩ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করেছে। অপুষ্টি এবং সঠিক স্বাস্থ্যসেবার অভাবে তাদের অধিকাংশই মরে গেছে। জীবিত যারা আছে তারাও অপুষ্টি এবং নানা রোগে আক্রান্ত। জীবন বাঁচানোই যেখানে কঠিন সেখানে শিক্ষা তো পরবর্তী বিষয়।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে একটি প্রজন্ম গড়ে উঠছে, যারা শিক্ষার আলো বঞ্চিত। কি ধর্মীয়, কি জাগতিক।
আল আরাবিয়্যা অবলম্বনে: তারিক মুজিব
















