ইসলাম টাইমস ডেস্ক : নতুন সড়ক পরিবহন আইন কার্যকর ও এর প্রতিবাদে দেশের ২০ জেলায় চলমান পরিবহন ধর্মঘটের প্রভাবে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। আজ বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর সড়কগুলোতে গত কয়েকদিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে।
রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের অপেক্ষায় যাত্রীদের ভিড় করতে দেখা গেছে। গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটেই রওনা দিতে হচ্ছে অফিস আদালতে কর্মজীবীদের। একই অবস্থা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর ক্ষেত্রেও। অনেকে ভাড়া নির্ধারণ করে মোটরসাইকেল ও প্রাইভেট কার দিয়ে রাইড শেয়ার করছেন অনেকেই।
কয়েকজন কর্মজীবী জানান, রাস্তায় বাস কম বিষয়টি জানতে পেরে আগেই অফিস থেকে বের হয়েছেন তাঁরা। কিন্তু কোনো লাভ হয়নি, দেড়ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠতে পারছেন না। অনেকক্ষণ পরপর একটা বাস এলেও ভিড়ের কারণে উঠতে পারছেন না।
এদিকে, রাস্তায় গণপরিবহনের সংকট থাকায় উবার, পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসের রাইডারদের চাহিদা রয়েছে অনেক। কিন্তু বেশিরভাগ মোটরসাইকেল রাইডার অ্যাপস ছাড়া সরাসরি যাত্রীদের সঙ্গে ভাড়া ঠিক করে যাচ্ছেন। এ ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।
















