ইসলাম টাইমস ডেস্ক: ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এক সময়ের আলোচিত নেতা, পাকিস্তানের করাচিভিত্তিক রাজনৈতিক সংগঠন মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হুসেইন। নিজের পাশাপাশি সহযোগীদেরও ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত ৯ নভেম্বর লন্ডনের বাড়ি থেকে দেওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে আলতাফ হুসেইন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে তার দেশে রাজনৈতিক আশ্রয় দিলে আমি সব ধরনের রাজনীতি ছেড়ে দিব। এ খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।
আলতাফ হুসেইন পাকিস্তানের রাজনীতির সমালোচিত চরিত্র। তার বিরুদ্ধে এবং তার দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের একাধিক নেতার বিরুদ্ধে খুন এবং দুর্নীতির মামলা রয়েছে। গত ২৭ বছর ধরে যুক্তরাজ্যের বসবাস করছেন। সেখানেও সহিংসতা উস্কে দেওয়ার একটি মামলায় তিনি জামিনে আছেন। যুক্তরাজ্যে তিনি দুইবার গ্রেপ্তার হয়েছিলেন। প্রথমবার মানি লন্ডারিংয়ের অভিযোগে পরে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে।
তার বিরুদ্ধে অনেকেই ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করার অভিযোগ করত। ভারত থেকে পাকিস্তানে যাওয়া মুসলিমদের একাংশ নিয়ে তিনি মুত্তাহিদা কওমি মুভমেন্ট প্রতিষ্ঠা করেন। সে দলের হয়ে নির্বাচন করে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হন।
২০১৬ সালের অগাস্টে ‘পাকিস্তান বিরোধী মন্তব্যের কারণে’ তার প্রতিষ্ঠিত দল এমকিউএম-পাকিস্তান তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ভিডিও বার্তায় তিনি বলেন, “যদি ভারত ও প্রধানমন্ত্রী মোদী আমাকে ভারতে আসার অনুমতি দেয় ও সহযোগীদেরসহ আমাকে রাজনৈতিক আশ্রয় দেয়, তাহলে সহযোগীদের নিয়ে আমি ভারতে আসতে প্রস্তুত; কারণ আমার দাদার কবর সেখানে, আমার দাদীর করব সেখানে, আমার হাজারো আত্মীয়-স্বজনের কবর ভারতে। আমি তাদের কবর জিয়ারত করতে চাই।”
















