ইসলাম টাইমস ডেস্ক: সড়ক আইন নিয়ে শ্রমিকদের ধর্মঘট আর নেই বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক আইন প্রয়োগে অহেতুক বাড়াবাড়ি হবে না।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের প্রস্তুতির সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।
এ সময় পরিবহন ধর্মঘট আর নেই, আইন প্রয়োগে অহেতুক বাড়াবাড়ি হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাড়াবাড়ি না হলে সমস্যাও হবে না। সবকিছুই আলাপ-আলোচনার মধ্যে দিয়ে সমাধান হয়েছে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার এখন কোনো কারণ নেই।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আইন প্রয়োগ করতে গিয়ে যদি কোনো কিছু অসঙ্গতি দেখা যায়, তাহলে সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। পরিস্থিতি এখন আর অস্বাভাবিক হওয়ার কোনো কারণ নেই।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমান। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসীম কুমার উকিল, চিত্রনায়ক আকবর হোসেন খাঁন পাঠান ফারুক, সাংস্কৃতিক উপকমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন, সাইফুল আজম বাশার, লিয়াকত আলী লাকী, আহকামুল্লাহ, মেহের আফরোজ শাওন, জয়দেব নন্দী প্রমুখ।
















