ইসলাম টাইমস ডেস্ক: মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন ও চালকসহ ১০ জনই মাইক্রোবাসের যাত্রী। হতাহতরা সবাই লৌহজংয়ের কনকসার থেকে কামরাঙ্গীর চরে বিয়ের বরযাত্রী হিসাবে যাচ্ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া নিহত ও আহতদের উদ্ধার করে।
















