ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গা সংকট নিরসনে রাজনৈতিক সমাধান দরকার জানিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেন, বাংলাদেশের একার পক্ষে এই সংকট সমাধান করা সম্ভব নয়।
আজ শনিবার রাজধানীর হোটেল রেডিসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বান কি মুন।
জাতিসংঘের সাবেক মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। জাতিসংঘের সাবেক মহাসচিব হিসেবে আমি মিয়ানমারকে এ সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের প্রতি ইতিবাচক পরিবেশ সৃষ্টির আহ্বান জানাই। যাতে রোহিঙ্গারা সেখানে ফেরার সাহস পায়।
বান কি মুন বলেন, কিছুদিন আগে (গত ৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে আমি কক্সবাজারে গিয়েছিলাম। সেখানে রোহিঙ্গাদের অবস্থা দেখে দুঃখ পেয়েছি। ১১ লাখ মানুষ অল্প জায়গায় দুর্বিষহভাবে বসবাস করছে।
















