ইসলাম টাইমস ডেস্ক: উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান এক হওয়ার পরও মশক নিধনের মেশিন কিনতে ঢাকার দুই সিটির খরচের ব্যবধান ৪৬ হাজার টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যে মেশিন এক লাখ ৬৭ হাজার টাকায় কিনেছে, সেই একই মেশিন উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কিনেছে দুই লাখ ১৩ হাজার টাকায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু মশার উৎপাত বেড়ে যাওয়ায় প্রায় আড়াইশ ফগার মেশিন কেনার সিদ্ধান্ত নেয় ডিএনসিসি। এজন্য ৩০ মে দরপত্র আহ্বান করে মেসার্স প্যারেন্টস এন্টারপ্রাইজ। তারা জার্মানির কোম্পানি পালস ফগ কোম্পানির কে-১০-এসপি মডেলের ফগার মেশিন দেওয়ার জন্য দরপত্রে অংশ নেয়। ৭ জুলাই মেশিন প্রতি দুই লাখ ১৩ হাজার টাকা দরে ২৩৮টি মেশিন কেনার কার্যাদেশ দেয় ডিএনসিসি। ৯০ দিনের মধ্যে মেশিনগুলো ডিএনসিসির ভান্ডার বিভাগে সরবরাহ করতে শর্ত দেওয়া হয়। এতে ডিএনসিসির ব্যয় হয়েছে ৫ কোটি ৮ লাখ ৭২ হাজার ৫০০ দশমিক ২৩৮ টাকা।
এর দুই মাস পর ১২ আগস্ট ২৫টি ফগার মেশিন কেনার দরপত্র আহ্বান করে ডিএসসিসি। একই প্রতিষ্ঠান টেন্ডার প্রক্রিয়ার অংশ নেয়। প্রতিষ্ঠানটি ডিএনসিসি থেকে প্রতিটি মেশিনে ৪৬ হাজার ৭৫০ টাকা কমে এক লাখ ৬৭ হাজার টাকায় দর দেয়। ১০ কার্যদিবসের মধ্যে মেশিন সরবরাহ করতে কার্যাদেশ দেয় ডিএসসিসি। এতে ব্যয় হয়েছে ৪১ লাখ ৭৫ হাজার টাকা। যেখানে একই মেশিন কিনতে এক কোটি ১১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা বেশি খরচ হয়েছে ডিএনসিসির।
দামের এমন তফাতের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি বেশি ভালো বলতে পারবো না। এগুলো সাবেক প্রধান ভান্ডার কর্মকর্তা জাকির হোসেনের সময় কেনা। তবে আমাদের মেশিনগুলো জার্মানির। আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানা পরিদর্শন করে মেশিনগুলো কিনেছি।’
ডিএনসিসির প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা সগীর হোসেন বলেন, ‘একই উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মেশিন যদি হয়ে থাকে তাহলে তো দামের এতো তফাৎ হওয়ার কথা নয়। আমরা তো অনেক দর কষাকষি করে কেনাকাটা করে থাকি। তাছাড়া যতো দূর জানি মেশিনগুলো ইজিপির মাধ্যমে টেন্ডার দিয়ে কেনা হয়েছে।’
জানা গেছে মেশিনগুলো কেনার জন্য ডিএনসিসির দু’জন কাউন্সিলর ও তৎকালীন প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা জাকির হোসেন ঠিকাদারের খরচে জার্মানি যান। কাউন্সিলরা হচ্ছেন, প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান।
















