ইসলাম টাইমস ডেস্ক: তুর্কি-কাতার হাই স্ট্র্যাটেজিক কমিটির পঞ্চম বৈঠকে যোগ দিতে পাঁচ মন্ত্রীসহ বন্ধুপ্রতিম দেশ কাতার সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান।
যাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী বারাত আলবিরাক, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর, শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ওয়ানেক, বাণিজ্যমন্ত্রী রুহসার বেকগান, ক্রীড়া ও যুবমন্ত্রী মোহাম্মদ কাসাবোগলু।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, এ সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি-র সঙ্গে বৈঠকের পাশাপাশি তার সম্মানে দেওয়া কাতারি আমিরের নৈশভোজেও অংশ নেবেন এরদোগান। এছাড়া কাতার-তুর্কি কম্বাইন্ড জয়েন্ট ফোর্স কমান্ডও পরিদর্শনের কথা রয়েছে তার।
আনুষ্ঠানিক এই সফরে কাতারের আমিরের সঙ্গে আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন তুর্কি প্রেসিডেন্ট।
২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও মিসরসহ কয়েকটি দেশ। এই সংকট শুরুর দুইদিন পর তুরস্কের পার্লামেন্ট কাতারে তাদের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। তখন থেকে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়।
















