ইসলাম টাইমস ডেস্ক: চার্চের একটি স্কুলে বধির শিশুদের ওপর যৌন নির্যাতনের দায়ে দুই রোমান ক্যাথলিক যাজককে ৪০ বছরের জেল দিয়েছে আর্জেন্টিনার একটি আদালত। তারা হলো হোরাসিও করবাচো এবং নিকোলা কারাডি।
২০০৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মেনডোজা প্রদেশের একটি স্কুলে শিশুদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণার সময় নির্যাতনের শিকার অনেক শিশু আদালতে উপস্থিত ছিল। এমন ঘটনা পোপ ফ্রাঁসিসের নিজের দেশ আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়েছে। অভিযোগ আছে এই নির্যাতনের বিষয়টি চার্চ খুব ধীরগতিতে তদন্ত করেছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, গত কয়েক দশক ধরে বিশ্বজুড়ে শিশুদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ সব অভিযোগের মুখে ক্যাথোলিক চার্চ।
আদালত রায় ঘোষণার পর বিবাদীদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয় নি। তবে আদালতে নির্যাতিত শিশুদের অনেক মাকে দেখা গেছে একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছেন। অন্যদিকে রায়ের কথা শুনে আদালতের বাইরে উল্লাস করতে থাকেন তরুণ তরুণীরা।
















