ইসলাম টাইমস ডেস্ক: তুরস্ক সরকার কর্তৃক কাতারে নবনির্মিত সামরিক ঘাঁটি সাহাবি খালিদ বিন ওয়ালিদের নামে নামকরণের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। গতকাল সোমবার সন্ধ্যায় কাতারে নবনির্মিত ঘাঁটিটিতে তুর্কি সেনাদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।
এরদোগান বলেন, এই অঞ্চলে আমাদের দেশের উপস্থিতি দেখে কারো শংকিত হওয়া উচিত নয়। তুরস্ক কখনও কোনো মুসলিম দেশের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করবে না।
কাতারে তুরস্কের সামরিক ঘাঁটির কাজ প্রায় শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দোহার নতুন তুর্কি সামরিক ঘাঁটির কাজ শেষ করেছি এবং আমরা এটির নামকরণ করব খালিদ বিন আল ওয়ালিদের নামে।
তিনি বলেন, কাতারে তুর্কি সামরিক ঘাঁটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সংহতি ও আন্তরিকতার প্রতীক। এটা উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখবে। মুসলিমদের শক্তি বৃদ্ধি করবে।
















