বিডি নিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ দুদকের

ইসলাম টাইমস ডেস্ক:  অনলাইন পোর্টাল বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে খালিদীকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।

খালিদী দুদক থেকে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকেরা কথা বলেন দুদক সচিবের সঙ্গে। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খালিদীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিডিনিউজের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে।

একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, একজন সম্পাদক একটি ব্যাংকের এমডির কাছে চাঁদা চেয়েছেন…। প্রশ্ন শেষ না হতেই তৌফিক ইমরোজ খালিদী বলেন, ‘এ বিষয়ে আমি আগেরবারও বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে তিনি আমার কথা বলেছেন কি না। আমি জানি, ওই সাংবাদিক আমি নই।’

তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে তিনি সে অর্থে পরিষ্কার নন। তিনি বলেন, ‘একটি চিঠি এসেছে বোধ হয় কোনো জায়গা থেকে। সেটার ভিত্তিতে কাজ করা হচ্ছে। কাজেই অভিযোগটা কী, আসলে একটি বিনিয়োগ হয়েছে, একটি কোম্পানি বিনিয়োগ করেছে। করার পর সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছে। সেটা তারা খতিয়ে দেখার চেষ্টা করছে।’

 

পূর্ববর্তি সংবাদ২৯ নভেম্বর থেকে নারায়নগঞ্জ ও ময়মনসিংহে জোড় : প্রস্তুতি বিষয়ে যা জানালেন স্থানীয় আলেমরা
পরবর্তি সংবাদখালিদ বিন ওয়ালিদ রা.-এর নামে হচ্ছে কাতারে নতুন তুর্কি সামরিক ঘাঁটি