ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় সীমান্তে ‘পুশ ইন’ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এ ব্যাপারে আমি কিছু জানি না, পত্র-পত্রিকায় দেখেছি। তবে সরকারিভাবে আমার কাছে এ নিয়ে কোনো খবর নেই।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ৩৩তম সিএসিসিআই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
গত এক মাসে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই শতাধিক লোক বিজিবির হাতে আটক হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। বলা হয়, এনআরসি আতঙ্কে ভারতীয় এ সব নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে।
এ প্রসঙ্গে ড. মোমেন বলেন, পুশ ইনের খবর মিডিয়া থেকে শুনছি, এখনও সরকারিভাবে জানি না। পত্র-পত্রিকায় যা বের হয় এর কিছু সত্য, কিছু মিথ্যা আর কিছু অতিরঞ্জিত। আমাদের জানতে হবে। বিভিন্ন পত্র-পত্রিকায়, বিশেষ করে ফেসবুকে অনেক কিছু বের হয়। সরকারিভাবে না জানলে আমার বক্তব্য দেয়া ঠিক হবে বলে মনে হয় না।
















