ইসলাম টাইমস ডেস্ক: জার্মানিতে মুখ আবৃত না করে মুসলিম নারীদের মসজিদে ‘প্রবেশাধিকারে’র জন্য দীর্ঘদিন যাবত অপচেষ্টা চালিয়ে আসছেন সাইরান আতিস৷ দীর্ঘ অপচেষ্টার ফল হিসেবে তাকে দেওয়া হয়েছে উরানিয়া মেডেল৷
জার্মানিতে ‘নারীদের অধিকার’, ‘ধর্মীয় স্বাধীনতা’ নিয়ে কথা বলার জন্য ‘আলোচিত’ লেখক সাইরান আতিস৷ তুর্কি বংশোদ্ভূত এই জার্মান নারী প্রশিক্ষণ নিয়ে বার্লিনের ইবনে রুশদ-গ্যোটে মসজিদে ‘ইমামের’ দায়িত্বও পালন করছেন বলে জানিয়েছে ডিডব্লিও৷
২০১৭ সালে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন আতিস নিজেই৷ তবে প্রচলিত মসজিদগুলোর মতো নয় এটি৷ সেখানে যে-কোনো মানুষেরই প্রবেশাধিকার রয়েছে৷ নারী-পুরুষ একসঙ্গে প্রবেশ করতে পারে এ মসজিদে।
এই মসজিদের সবচেয়ে বড় ‘বৈশিষ্ট্য’, কোনো নারীকে সেখানে মুখ ঢেকে প্রবেশ করতে হয় না৷ আতিস ২০১৭ সালে জার্মানির স্পিগেল পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন. ‘‘আমাদের মসজিদে কাউকে নিকাব বা বোরকা পরে আসতে হবে না৷’’
আতিসের এই ‘সামাজিক আন্দোলনে’র জন্য তাকে সম্মাননা জানালো বার্লিনের আলোচিত সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান উরানিয়া৷ ২৬ নভেম্বর সন্ধ্যায় এক আয়োজনের মধ্য দিয়ে তার হাতে উরানিয়া পদকটি তুলে দেয়া হয়৷
















