ইসলাম টাইমস ডেস্ক: গাজা উপত্যকায় সামরিক অবস্থান লক্ষ্য করে আবারও ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আজ বুধবার ভোর রাতে উপত্যকার সামরিক অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ফিলিস্তিন থেকে চালানো রকেট হামলার জবাবে তারা এসব বিমান হামলা চালায় বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর এএফপি’র।
আজ ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।’
বিবৃতিতে বলা হয়, হামলা চালানো স্থানগুলোর মধ্যে অস্ত্র তৈরির একটি কারখানা ও ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে।
গাজার এক নিরাপত্তা সূত্র জানায়, হামাসের কমপক্ষে দুটি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া হামাসের মিত্র গ্রুপ ইসলামিক জিহাদের একটি অবস্থান লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়।
















