ইসলাম টাইমস ডেস্ক: গত সপ্তাহে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশজুড়ে বিক্ষোভের সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ৮ এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরান সরকার বলছে, চলমান বিক্ষোভে উস্কানি দিয়েছে এই লোকেরা। খবর আল-জাজিরা-র।
খবরে ইরানের গোয়েন্দা মন্ত্রীর একটি বার্তা প্রকাশ করা হয়েছে। এতে তিনি বলেন, নাগরিক সাংবাদিকতার নামে বিভিন্ন দেশে সিআইএর অর্থায়নে প্রশিক্ষণ চলছে। ইরান থেকে এমন ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ৬ জনকে দাঙ্গায় অংশ নেয়া ও সিআইয়ের নির্দেশ পালনের সময় এবং বাকি ২ জন বাইরে তথ্য প্রেরণের সময় গ্রেফতার করা হয়।
তারা সকলেই সিআইএর নির্দেশ মেনে চলছিলো বলে দাবি করেছেন ওই মন্ত্রী। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দুই সপ্তাহব্যাপী দেশটির বিক্ষোভকে বড় ধরণের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন।
ইরানে তেলের মূলবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে বিভিন্ন স্থানে সংর্ঘষ হয়েছে বিক্ষোভকারীদের। বিক্ষোভ দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে শতাধিক লোক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
















