এবার রাজশাহীতে মুখোমুখি ট্রেন, অল্পের জন্যে বেঁচে গেলেন যাত্রীরা

ইসলাম টাইমস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতে রাজশাহীর আড়ানীতে দুই ট্রেন মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতায় মাত্র ৩০ ফুট দূরে থাকতেই থেমে যায় ট্রেন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই ট্রেনের প্রায় এক হাজার যাত্রী।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। সিক্সডাউন ট্রেন উত্তরা এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। আর খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আড়ানী রেলস্টেশনের অদূরে উত্তরা এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেসের ক্রসিং হওয়ার কথা ছিল। রাজশাহী প্রান্তে আব্দুলপুর অভিমুখী উত্তরা এক্সপ্রেস ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি একই লাইনের মধ্যে ঢুকে পড়ে। লাইনের ওপর ট্রেন দেখে ব্রেক করেন কপোতাক্ষ এক্সপ্রেসের লোকোমাস্টার (চালক)। ট্রেনটি মুখোমুখি আসার পর থামাতে সক্ষম হোন তিনি। এ সময় দুই ট্রেনের দূরুত্ব ছিল মাত্র ৩০ ফুট। এ ঘটনার পর কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রীরা নেমে আসেন। পরে চারিদিকে হৈচৈ পড়ে যায়। অল্পের জন্য ব্রাক্ষণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের মতো ঘটনা থেকে বেঁচে যায় উত্তরা ও কপোতাক্ষ এক্সপ্রেস। আর প্রাণে রক্ষা পান এ দুই ট্রেনের প্রায় এক হাজার যাত্রী।

এদিকে ঘটনার পর তাৎক্ষণিকভাবে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার একরামুল হক ও পয়েন্টম্যান (পি.ম্যান) রওশন আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

 

পূর্ববর্তি সংবাদর‌্যাগিংয়ের দায়ে বুয়েটে ৯ শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কার
পরবর্তি সংবাদছয় মাসেই ঘুরে দাঁড়ালেন মমতা, তোলপাড় শুরু বিজেপিতে