‘মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত’

ইসলাম টাইমস ডেস্ক: মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত বরে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ।তিনি বলেন, আমি আশা করছি সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে বিএনপি চেয়ারপারসনকে জামিন দেবেন। যদি না দেন তাহলে মনে করতে হবে রাজনৈতিক কারণে তাকে জামিন দিচ্ছেন না।

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচি সময়মতো দেব। এখনও আন্দোলনের উপযুক্ত সময় আসেনি।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন।

মওদুদ বলেন, সংবিধান অনুযায়ী যে সরকার বলা হয়, বর্তমান আওয়ামী লীগ সেই সরকার না। তারা অনির্বাচিত সরকার। তাই প্রতিটি ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে। দেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকারের ১১ বছর হয়ে গেছে। দেশের মানুষ এখন অতিষ্ঠ, তারা পরিবর্তন চায়। এই পরিবর্তন যতো শিগগিরই আসবে দেশের জন্য ততোই মঙ্গল হবে।

দুর্নীতিবিরোধী অভিযান প্রায় বন্ধ হয়ে গেছে মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, দুর্নীতি প্রশাসনের প্রত্যেকটি শাখা-প্রশাখায় ঢুকে পড়েছে। তারা যতোই অভিযানের কথা বলুক, দুর্নীতির সমাধান করতে পারবে না। আপনারা দেখেছেন এই অভিযান এখনই প্রায় শেষ। সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আজকে দুর্নীতির চিত্র দেখতে পাই।

বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজ ভিসিদের পদত্যাগের দাবি করে তিনি বলেন, আজকে ১১টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তারা দলীয়ভাবে নির্বাচিত। তারা নিজেদের মেধাও দক্ষতার ভিত্তিতে নির্বাচিত হননি। দলের কারণে তারা সেসব পদে আছেন এবং দুর্নীতি করছেন।

পূর্ববর্তি সংবাদমুন্সিগঞ্জে খতমে নবুওয়াত সম্মেলন: ‘কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে’
পরবর্তি সংবাদসিলেট শাহি ঈদগাহে সিনেমার গানের শ্যুটিং, প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল