আদালতে ‘আইএস টুপি’: দুই তদন্ত কমিটির দুই মত

ইসলাম টাইমস ডেস্ক: হলি আর্টিজান হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মাথায় ‘আইএস টুপি’র বিষয়ে দুই তদন্ত কমিটি দুই রকম মত দিয়েছে। আইএসের লোগো সংবলিত টুপি কারাগার থেকে নিয়ে আসেনি বলে নিশ্চিত হয়েছে কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি। তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি বলছে, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকেই আইএসের লোগো সংবলিত টুপি আদালতে নিয়ে এসেছিল আসামীরা।

দুই সংস্থার পক্ষ থেকে গঠন করা দুই তদন্ত কমিটির ভিন্ন ভিন্ন বক্তব্যে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আদালতে কঠোর নিরাপত্তার মধ্যে গত ২৭ নভেম্বর বুধবার হলি আর্টিজান মামলার রায়ের দিন দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের চিহ্ন সংবলিত টুপি কীভাবে এল, তা খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। শনিবার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সেদিন আইএসের টুপি কারাগার থেকে যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ দিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম সংবাদমাধ্যমকে বলেন, ওই আসামী যখন কারাগার থেকে এসেছে তখন এই টুপিটি তার সঙ্গেই ছিল। প্রাথমিকভাবে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। রিগ্যান নিজেও বুধবার এজলাস থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় জানিয়েছিল, কারাগার থেকেই সে আইএসের লোগো সংবলিত টুপিটি নিয়ে এসেছিল।

পূর্ববর্তি সংবাদতুষারধ্বসে দুই ভারতীয় সেনার মৃত্যু
পরবর্তি সংবাদ‘ভারত থেকে অনুপ্রবেশ বাড়ছে, সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’