মোদি এবং অমিত শাহও অনুপ্রবেশকারী : কংগ্রেস নেতা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও অনুপ্রবেশকারী বললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহও অনুপ্রবেশকারী। বাড়ি গুজরাটে। এসে পড়েছেন দিল্লিতে। এনআরসি নিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। খবর দ্য ওয়াল-এর।

অধীররঞ্জন চৌধুরী আরও বলেন, ‘এনআরসি.. এনআরসি… করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে, ভারতের আসল নাগরিকরাও ভাবছেন, আমাদের কী হবে! সাধারণ মানুষ এতো কাগজপত্র নিয়ে ভাবেন না। তারা ভাবছেন, আমরা ভোট দিই, আর আমাদেরই বের করে দেবে!’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করেন রাতে কী খাবেন। কালকের খাবারটা কিভাবে জোগাড় হবে। তাদের কাছে নাগরিকত্বের কাগজ নিয়ে ভাবার সময় আছে?’

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এও বলেন, ‘দেখাতে চাইছে মুসলমানদের তাড়াবে। কিন্তু মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তারা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য। কিন্তু তারা দেখাতে চাইছে, এখানে হিন্দুরা থাকবে মুসলমানরা নয়। হিন্দুস্থানে সবার অধিকার সমান।’

পূর্ববর্তি সংবাদআন্দোলনের নামে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদবিচার বিভাগ সরকারের দখলে, তাই খালেদার জামিন হচ্ছে না : মঈন খান