যবিপ্রবি শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

ওইদিন বিকেলে বিষয়টি প্রকাশ হলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই শিক্ষিকাকে স্বামী-সন্তান নিয়ে ক্যাম্পাস ডরমেটরি ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্যাতনের শিকার ওই গৃহকর্মীর নাম সখিনা খাতুন। তিনি বলেন, ‘প্রায়ই ম্যাডামের স্বামী আমাকে বকাঝকা ও গালিগালাজ করতেন। অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে আমি কাজ ছেড়ে দেবো বলে সিদ্ধান্ত নিই।’

সখিনা খাতুন আরও বলেন,‘ঘটনার দিন সকাল ৯টার দিকে কোন কিছু না বলে প্রকাশ্যেই তিনি আমাকে ভিসি স্যারের বাসভবনের সামনে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন।’

ওই সময়ে ক্যাম্পাসে অবস্থানকারী কয়েকজন কর্মচারীও বলেন, লাঠি দিয়ে মারতে মারতে সখিনাকে মাটিতে ফেলে দেন শিক্ষিকার স্বামী মাজহারুল ইসলাম। এ সময় তার চিৎকারে তারা এগিয়ে এলে মাজহারুল বাসায় চলে যান। পরে কর্মচারীরা সখিনাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেন।

শিক্ষিকা শাহানাজ আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার স্বামী একটু বদমেজাজি। হয়তো সখিনার কোন কথায় উত্তেজিত হয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।’

বিষয়টি নিয়ে সকলের কাছে ক্ষমা চেয়েছেন ওই শিক্ষিকা। এ সময় ডরমেটরি ছাড়ার নির্দেশ সর্ম্পকে শাহানাজ আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ আমাকে মানতেই হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল জানান, সখিনাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাঠির আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেধেছে এবং টিস্যু খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তি সংবাদনেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেলআবিবে বিশাল বিক্ষোভ
পরবর্তি সংবাদভারতীয় সেনাবাহিনীর হামলায় গতমাসে কাশ্মীরে শহিদ ৭, আহত ৮২, আটক ৬০