ডিসেম্বরের মাঝে বা শেষে পেঁয়াজের দাম কমতে পারে : বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘কবে নাগাদ পেঁয়াজের দাম কমবে তা বলতে পারবো না। তবে মিশর থেকে পেঁয়াজের বড় অংশ এলে এবং দেশীয় উৎপাদন বাজারে এলে ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ নাগাদ দাম কমতে পারে।’

রবিবার (১ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ওই সংবাদ সম্মেলনের আহ্বান করেন।

প্রধানমন্ত্রী রান্নায় পেঁয়াজ ব্যবহার করছেন না—আপনার পরিবারের খরব কী? এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী কোন প্রেক্ষিতে বলেছেন, সেটা আমার জানা নেই। তবে আমরা পরিবারের সদস্যরা চেষ্টা করি (কম খাওয়ার), সবাইকে বলবো ‘ট্রাই টু ইউজ লেস’।’

পেঁয়াজ আমদানিতে একটি দেশের ওপর নির্ভরশীলতা ঠিক হয়নি উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘৯০ ভাগ পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আমরা একটি দেশের ওপর নির্ভরশীল ছিলাম। এটা ঠিক হয়নি। প্রথমে তারা দাম বাড়ালো, পরে ২৯ সেপ্টেম্বর রফতানি বন্ধ করে দিলো। ২-৩ তারিখ আমরা দিল্লীতে গিয়েছিলাম। তারা কথা দিয়েছিল মহারাষ্ট্রের নির্বাচনের পর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারে চিন্তা করবে। তারা সেটা করেনি।’

স্থায়ীভাবে সংকট মোকাবিলায় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, “সমস্যা সমাধানের একটাই পথ, আমাদের দেশীয় উৎপাদন বাড়ানো। উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকরা যেন ন্যায্য দাম পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আগামীতে আমাদের উৎপাদন বাড়লে আন্তর্জাতিক বাজার থেকে আনা কমিয়ে দেবো। কোনোভাবেই প্রেডিক্ট করতে পারছি না, কবে নাগাদ দাম কমতে পারে। একমাত্র পথ মিশর থেকে বেশি আনা ও নিজেদের প্রডাক্ট বাড়ানো। আশার কথা হলো, ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে নিজেদের পেঁয়াজ উঠবে। ‘মুলিকটা’ পেঁয়াজটা আসতে শুরু করেছে। ‘ফুল ফ্লো’ যদি মিশর থেকে আসে, তবে আমরা ৪০-৪৫ টাকা ল্যান্ডেড কস্ট করতে পারবো। যদি তারা দাম না বাড়ায়।”
তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন, সেলিম আলতাফ জর্জ এবং সুলতানা নাদিরা অংশ নেন।

পূর্ববর্তি সংবাদবঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বললে ছাত্রলীগের ভায়েরা জিহ্বা ছিঁড়ে ফেলবে : জাপা এমপি
পরবর্তি সংবাদশায়খুল হাদীস জঙ্গি হলে আওয়ামী লীগও জঙ্গি : ড. তুহিন মালিক