ইসলাম টাইমস ডেস্ক: পেট্রল পাম্প ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা।
সোমবার সকাল ১০টায় ঢাকায় পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও তিনটি তেল ডিপো কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের পর এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি নিয়ে আগামীকাল আবারও বৈঠক হবে।
এর আগে তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রলপাম্প-সংলগ্ন জমির ইজারা বাতিলসহ ১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের ২৬ জেলায় পেট্রলপাম্পে গত রোববার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়। সকাল ৬টা থেকে সব পেট্রলপাম্পে জ্বালানি তেল বিক্রি, ডিপো থেকে উত্তোলন এবং পরিবহন বন্ধ থাকবে।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির একাংশের মহাসচিব এবং পেট্রলপাম্প ও ট্যাংক লড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান শনিবার সন্ধ্যায় বলেন, ১৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু দাবি মেনে না নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের একটি বৈঠক থেকে ১৫ ডিসেম্বর আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। পেট্রলপাম্প মালিক-শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সরকারের হাস্যকর এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। এ কারণে পূর্বঘোষণা অনুযায়ী দাবি না মেনে নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
















