চিপসসহ শিশু খাদ্যে প্লাস্টিকের খেলনা দেয়ার উপর নিষেধাজ্ঞা বিএসটিআই-এর

ইসলাম টাইমস ডেস্ক :  চিপসের প্যাকেটসহ বিভিন্ন শিশু খাদ্যপণ্যে আকৃষ্ট করার জন্য প্লাস্টিকের খেলনা বা স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।  সম্প্রতি হাইকোর্টের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি দেয় বিএসটিআই। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শিশুদের প্রলুব্ধ করার জন্য বাজারে নানা কোম্পানির চিপসের প্যাকেটে খাবারের সঙ্গে ছোট ছোট খেলনা দেওয়া হয়। চিপস ছাড়াও বিভিন্ন খাদ্যের সঙ্গেও তা দেওয়া হয়ে থাকে। চিকিৎসকেরা বলছেন, এ ধরনের খেলনার কারণে শিশুদের মৃত্যুঝুঁকি থাকে।

বিএসটিআই গণমাধ্যমে চিপসসহ শিশু খাদ্যপণ্যের প্যাকেটে খেলনা ব্যবহার থেকে বিরত থাকার জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসটিআই থেকে সার্টিফিকেশন মার্কস লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো শিশুদের প্রলুব্ধ করার জন্য চিপসসহ বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটে খেলনা, স্টিকার ইত্যাদি ব্যবহার করে বাজারজাত করছে। এতে খাদ্যদূষণের পাশাপাশি মৃত্যুঝুঁকিও রয়েছে। প্রতিষ্ঠানগুলোকে চিপসসহ শিশু খাদ্যপণ্যে খেলনাজাতীয় জিনিস ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিয়েছে বিএসটিআই।

যেসব প্রতিষ্ঠান এসব খেলনা ব্যবহার করছে, তাদের ওই সব পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহার করার অনুরোধ করেছে সংস্থাটি। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসটিআই।

পূর্ববর্তি সংবাদবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন মাল্টার প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদরাজশাহী সীমান্তে অবৈধভাবে চৌকি বসিয়েছে বিএসএফ