ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীতে চাঁদা না দেওয়ায় দোকান নির্মাণে বাধা ও শফিকুল ইসলাম মাসুম নামের এক ব্যক্তিকে ইউপি সদস্যের মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যদের নাম মামুন মিয়া। তিনি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
এ ঘটনায় বাদী হয়ে শফিকুল পাঁচজনের নাম উল্লেখপূর্বক এবং আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের বাসিন্দা শফিকুল একই ইউনিয়নের গাবতলী মাদ্রাসার সামনে নিজের জমিতে দোকান ঘর নির্মাণ করছিলেন। এ সময় ইউপি মেম্বর মামুন মিয়া (৩৭) ও তার সহযোগীরা শফিকুলকে দোকান নির্মাণে বাধা দেয়। তারা এর আগে দাবি করা ৫০ হাজার টাকা চাঁদা পরিশোধের দাবি জানায়। মাসুম চাঁদা দিতে রাজি না হলে তারা লাঠিসোটা দিয়ে তাকে মারপিট করে আহত করে। এ সময় মাসুমের স্ত্রীর বড় ভাই সাজেদুল আরেফিন ওরফে কাবির (৪২) তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।
Posted by Ahamad Jubayer on Monday, December 2, 2019
















