দুর্নীতির অভিযোগ: সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখার সবাইকে বদলি

সুপ্রিম কোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের মামলা দায়ের সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী অ্যাফিডেভিট শাখার সকল কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। অ্যাফিডেভিট শাখার অনিয়ম নিয়ে প্রধান বিচারপতির ক্ষোভ প্রকাশের একদিন পরেই এ আদেশ দিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ মঙ্গলবার এ বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের ফাইলিং অ্যাফিডেভিট শাখার সকল কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।’

গতকাল সোমবার একটি মামলা আপিল বিভাগের কার্যতালিকায় ৩ নম্বর ক্রমিকে থাকার কথা থাকলেও সেটি ৯০ নম্বর ক্রমিকে দেখা যায়। এই অনিয়মের বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তখন প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কী আর করবো বলেন? সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম রুখতে পারছি না।’

এ সময় প্রধান বিচারপতি আরও বলেন, ‘অ্যাফিডেভিট শাখা কক্ষে সিসি ক্যামেরা বসালাম, এখন সবাই বাইরে এসে অ্যাফিডেভিট করে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অনেকেই মামলার তালিকা উপর নিচ করে কোটিপতি হয়ে গেছে।’

পূর্ববর্তি সংবাদত্রিশালে প্রাইভেটকার খাদে, এএসআইসহ নিহত ২
পরবর্তি সংবাদশায়খুল হাদীসের বিরুদ্ধে যমুনা টিভির অপপ্রচার, কাল সর্বদলীয় আলেমদের সংবাদ সম্মেলন