সুদানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ, ১৮ ভারতীয়সহ নিহত ২৩

ইসলাম টাইমস ডেস্ক: গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে সুদানের একটি সিরামিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ ভারতীয়সহ ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১৩০ জন। এ ছাড়া এই ঘটনার পর থেকেই নিখোঁজ বেশ কয়েকজন ভারতীয়। খবর আনন্দবাজার পত্রিকা-র।

আজ বুধবার সুদানের রাজধানী খার্তুমের বাহরি এলাকায় সিলা সিরামিক কারখানায় একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণের জেরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় দূতাবাস সূত্রে খবর, রিপোর্ট অনুযায়ী ১৮ জনের মৃত্যু হয়েছে। যদিও তা সরকারিভাবে এখনই জানানো সম্ভব নয়। কারণ লাশগুলো চিহ্নিত করা যায়নি। দুর্ঘটনার পর থেকেই কারখানায় কাজ করতেন এমন অন্তত ১৬ জন ভারতীয় নিখোঁজ।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প কিছু ক্ষণের মধ্যেই আগুন গোটা কারখানা গ্রাস করে। কারখানায় কর্মরত শ্রমিকদের অধিকাংশই বাইরে বেরোতে পারেননি। কার্যত সেখানে আটকে পুড়ে মৃত্যু হয় তাঁদের।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মৃতদের মধ্যেও নিখোঁজরা থাকতে পারেন।

তবে দুর্ঘটনার কবলে পড়েও বেঁচে যাওয়া ও নিখোঁজ শ্রমিকদের একটি তালিকাও প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। সেই তথ্য অনুযায়ী ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বেঁচে যাওয়া ৩৪ জনকে ওই কারখানার লাগোয়া সালুমি সিরামিক কারখানার আবাসনে থাকার বন্দোবস্ত করা হয়েছে।

খার্তুম প্রশাসন জানিয়েছে, কারখানায় যত্রতত্র প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল। অগ্নি নির্বাপণ ব্যবস্থাও ঠিকঠাক ছিল না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পূর্ববর্তি সংবাদ৮ ডিসেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান
পরবর্তি সংবাদবাংলাদেশি হজযাত্রীর কোটা ১০ হাজার বাড়াল সৌদি আরব