বাংলাদেশে সন্ত্রাসের গডমাদার হচ্ছে খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: খালেদা জিয়াকে বাংলাদেশে সন্ত্রাসের গডমাদার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার তাঁর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিান বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসের গডমাদার হচ্ছে খালেদা জিয়া। আগুন-সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষদের হত্যা করার চেয়ে বড় কোনো সন্ত্রাস নেই। খালেদা জিয়ার নির্দেশে পরিচালিত আগুন-সন্ত্রাসে পুলিশ সদস্যসহ প্রায় ৫০০ লোক নিহত এবং ৩ হাজারের বেশি আহত হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, খুনি, আগুন-সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী ও এতিমের টাকা লুটকারীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘দেশবাসীর প্রতি আমার আহ্বান, আগুন-সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী, এতিমের অর্থ আত্মসাৎকারী, সুদখোর ও ঘুষখোরেরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন।’

আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশ এগিয়ে যায় ও মর্যাদা অর্জন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী খালেদা জিয়ার মতো অন্যদের আমলে দেশের কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, ‘বরং বিএনপি যখন ক্ষমতায় এসেছে, তখন দেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও দুর্ভিক্ষের দিকে এগিয়ে গেছে।’

পূর্ববর্তি সংবাদকূট-কৌশলে চলছে খ্রিস্টবাদের ব্যাপক প্রচার : একটি সাক্ষাতকার
পরবর্তি সংবাদ৮ ডিসেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান