ইসলাম টাইমস ডেস্ক: লক্ষ্মীপুরে শাহাদাত হোসেন ও খোরশেদ আলম নামে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, গতকাল বুধবার দিবাগত গভীর রাতে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত শাহাদাত উপজেলার দর্জিপাড়ার আবু তাহেরের ছেলে ও খোরশেদ বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, বুধবার গভীর রাতে গুলির আওয়াজ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
দত্তপাড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মাখন লাল রায় জানান, খোরশেদের বিরুদ্ধে ১২টি এবং শাহাদাতের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
















