ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজের বাজার এখনও স্বাভাবিক হয়নি। এরইমধ্যে বেড়ে চলেছে চালের মূল্যও। সরকারি হিসাবেই গত এক মাসের ব্যবধানে প্রতিকেজি চালে দাম বেড়েছে ৪ টাকা।
বিক্রেতারা বলছেন, চিকন চালের পাশাপাশি মোটা চালের মূল্যও বেড়েছে। পাইকারি বাজারে চালের মূল্য বাড়ার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
গত ৬ নভেম্বর যে চাল (মোটা চাল) কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হয়েছে, সেই চাল ডিসেম্বরের ৬ তারিখে বিক্রি হচ্ছে ৩৪ টাকা দরে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশ অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য বলছে, গত এক মাসে সব ধরনের চালের মূল্য বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাঝারি ধরনের চালের মূল্য। গত এক মাসে এই চালের মূল্য বেড়েছে ৮ দশমিক ৮৯ শতাংশ। গত ৬ নভেম্বর মাঝারি ধরনের চালের প্রতিকেজির মূল্য ছিল ৪২ থেকে ৪৮ টাকা। আর এই মাসে অর্থাৎ শুক্রবার (৬ ডিসেম্বর) এই চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৪৬ থেকে ৫২ টাকা। অর্থাৎ এক মাসে প্রতি কেজিতে বেড়েছে ৪ টাকা।
তবে চাল নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনে কৃষকদের বাজারজাত করা সবজির হাটের ‘কৃষকের বাজার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশে পর্যাপ্ত চাল রয়েছে। চালের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।’ তিনি বলেন, ‘চালের মূল্য মোটেই বাড়ছে না, সরু চালের মূল্য কিছুটা বেড়েছে, তবে যেটা বেড়েছে সেটা গতবারের থেকে অনেক কম। যেটা কম ছিল সেটা বেড়েছে।’
















