ইসলাম টাইমস ডেস্ক: মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর বিজিবির হাতে আটক হয় তারা।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে আটককৃতরা। এরপর নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাঘাডাঙ্গা থেকে একটি যাত্রীবাহী বাসে উঠে তারা। পরে এই যাত্রীবাহী বাস তল্লাশী করে ৪ পুরুষ, ৩ নারী ও ৫ শিশুকে আটক করে বিজিবি।
বিজিবির হাতে আটককৃত একজনের নাম ফয়সাল হাওলাদার। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মনিকজোট গ্রামে। তিনি জানান, তারা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য বেঙ্গালুরের বেলানন্ডর এলাকায় একটি প্লাষ্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন। শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে প্রবেশের সময় রাতে উপজেলার সীমান্তবর্তী নেপা ইউনিয়নের হায়দারসহ কয়েকজন তাদের কাছে থাকা রূপার চেইন ও টাকা ছিনিয়ে নেয়।
















