ইসলাম টাইমস ডেস্ক : বিডি নিউজের ৯টি ব্যাংক হিসাবসহ বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে দুদক। তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিডিনিউজের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের আদেশ অনুযায়ী এ ব্যবস্থা নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ১ ডিসেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত বিডি নিউজ ও এর প্রধান সম্পাদকের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেন।
তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিডিনিউজের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ২৬ নভেম্বর খালিদীকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
একই ঘটনায় এল আর গ্লোবাল (এলআরজি) অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ ইসলামকে গত ৪ নভেম্বর জিজ্ঞাসাবাদ করে দুদক।
















