বাংলাদেশ জলসীমায় মাছ শিকার, ১১ ভারতীয় জেলেকে আটক

ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আবারো ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার ভোরে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে এফ,বি হীরা পার্বতী নামক একটি ট্রলারসহ ওই জেলেদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন— সিদ্বিরশর গানা (৫৪), শ্রী কৃষ্ণ (৫৩), দিপক বাড়ই (৩৫), রামকৃষ্ণ দাস (৩০), হরিপ্রধান (৫৭), সুভাষ পাল (৫২), মাইনু হানবেগ (৫৮), পিন্টু মণ্ডল (৪৮), জন্টু মৃধা (৫৫), প্রদীপ পাল (৩৫) ও গোকুল দলপতি (৩৭)।

পরে নৌবাহিনী আটক জেলেদেরকে মোংলা থানায় হস্তান্তর করলে পুলিশ বিকালে তাদের বাগেরহাট আদালতে পাঠায়। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।

আটক এসব জেলেদের বাড়ী ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলায় বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরর পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলার দিগরাজ নৌ ঘাঁটির পিওআর (জি) এম ইমান আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করেন।

নৌ বাহিনীর বরাত দিয়ে মোংলা থানা পুলিশের এসআই আবুল হোসেন জানান, অবৈধভাবে অনুপ্রবেশ এবং সমুদ্রসীমা লংঘন করে মাছ শিকারের সময় নৌ বাহিনী তাদের আটক করে। এর আগে গত ১ অক্টোবর ১৫ জন এবং ৪ অক্টোবর ২৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। আটক ওইসব জেলে এখন বাগেরহাট কারাগারে রয়েছে।

পূর্ববর্তি সংবাদমাদ্রাসার ছাত্ররা জঙ্গি নয়, জঙ্গি হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদ‘মোদি সরকার ‘হিন্দু রাষ্ট্রে’র নকশা বাস্তবায়নে কাজ করছে’