ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সাম্প্রদায়িকতাপূর্ণ বিতর্কিত মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, নাগরিকত্ব আইন ১৯৫৫-এর সংশোধন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূল বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের সব প্রদেশ, জেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় আগামী শুক্রবার শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে জমিয়তে উলামায়ে হিন্দ। যারা ভারতের আইন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রাখে, তারা পূর্ণ শক্তি দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আওয়াজ তুলবেন বলে আমরা আশাবাদী।
















