ইসলাম টাইমস ডেস্ক : কুষ্ঠরোগীদের অবহেলা না করে সু-চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সাথে এই রোগের চিকিৎসার ওষুধ বিনামূল্যে বিতরণের আহ্বানও জানান তিনি। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠরোগ মুক্ত করার বিষয়ে আয়োজিত জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কুষ্ঠরোগীদের দেখে দূর-দূর ছেই ছেই করবেন না। তাদের আলাদা করে রাখবেন না। এটা অভিশাপ নয়, চিকিৎসা দিলে এরাও ভালো হয় এবং সুস্থ জীবনে ফিরে যায়। এটা আমি প্রমাণ করেছি। কুষ্ঠরোগীদের সেবা দেয়া, সহায়তা করা এবং সহানুভূতির সঙ্গে তাদের দেখার জন্য অনুরোধ জানাই।
কুষ্ঠ রোগে আক্রান্তদের মানবিকভাবে দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, তাদেরকে সামাজিকভাবে সহাবস্থানের ব্যবস্থা করতে হবে।
একই সঙ্গে এই রোগের চিকিৎসার ওষুধ দেশীয় কোম্পানিকে উৎপাদন এবং বিনামূল্যে বিতরণের আহ্বানও জানান তিনি।
















