ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালওভারতে তার আসন্ন সফর স্থগিত করেছেন। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তার আমন্ত্রণে শুক্রবার সেখানে যাওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করেন কামাল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শরীফ মাহমুদ অপু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সফরটি স্থগিত করা হয়েছে। ’
তবে সফর স্থগিতের কোনও কারণ উল্লেখ না করে অপু জানান, ‘পরবর্তীতে সুবিধাজনক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী মেঘালয় সফর করবেন। এ সফর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে হতে পারে।’
এর আগে দুপুরে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রনে আজ বৃহস্পতিবার বিকালেই দিল্লি যাওয়ার কথা ছিল তার। ভারতের নাগরিকত্ব বিল এবং বাংলাদেশকে এর মধ্যে জড়িয়ে ফেলার বিষয়টি নিয়ে মূলত আলোচনা করতেই দেশটি সফরের কথা ছিল তার। তবে এ সফর জানুয়ারিতে হওয়ার ইঙ্গিত রয়েছে।
ভারতে নাগরিকত্ব বিল পাসের একদিন পর বাংলাদেশের দুজন প্রভাবশালী মন্ত্রীর দেশটিতে নির্ধারিত সফর বাতিল ও স্থগিত করার ঘটনায় স্পষ্ট যে ওই বিল পাসের বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।
বুধবার (১১ ডিসেম্বর) বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার তাদের রাজ্যসভায় নাগরিকত্ব বিলটি পাস করে। এর আগে সোমবার (৯ ডিসেম্বর) এই বিল লোকসভায় পাস করা হয়।
















