শাজাহান খানকে আমি এখনও জাসদ নেতাই মনে করি : নিক্সন চৌধুরী

ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, শাজাহান খানকে আমি এখনও জাসদ নেতাই মনে করি। আওয়ামী লীগ নেতা মনেই করি না।

গতকাল বৃহস্পতিবার রাতে ‘ইনডিপেনডেন্ট টেলিভিশন’র  টক শোতে সাবেক নৌমন্ত্রী ও বর্তমান এমপি শাজাহান খানের সমালোচনা করে এসব কথা বলেন তিনি।

সাবেক নৌমন্ত্রীর সম্পদ যাচাই করে দেখার কথা উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, মাদারীপুরে তিনি ১০ তলা বিল্ডিং বানিয়েছেন অনুমতি ছাড়া। আজকে নৌমন্ত্রী হওয়ার পর উনার চাচার ঘরের দাদা কোটি কোটি টাকার মালিক। আজকে ‘সার্বিক’ বাসের মালিক তারা। পেট্রোল পাম্পের মালিক। তার ১০ বছর আগে কিছু ছিল না। আজকে তার সম্পত্তি কি হয়েছে! বিদেশে হসপিটাল বানাচ্ছে কোটি কোটি টাকা দিয়ে। আমার তো মনে হয় তার সম্পত্তি ১০ বছর আগে কি ছিল, এখন কি হয়েছে সেটা দেখা উচিৎ।

শাজাহান খান জাসদের জন্য নিজের বাবার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা করেছেন উল্লেখ করে মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, ‘উনার নির্বাচনী এলাকায় যখন জননেত্রী শেখ হাসিনা এক জনকে মনোনীত করলেন, তখন উনি আপন ভাইকে স্বতন্ত্র দাঁড় করিয়ে উপজেলা চেয়ারম্যান করে নিয়ে আসলেন। তখন কি উনার নৌকার জন্য দরদ ছিল না? আসলে উনার রাজনৈতিক ব্যাপারে শুধু আমি ভিকটিম না, সারা বাংলাদেশের মানুষ ভিকটিম।’

এই এমপি আরো বলেন, শাজাহান খানের শরীর থেকে এখনও জাসদের গন্ধ যায়নি। উনি গণবাহিনী করতেন।

আমি চ্যালেঞ্জ করলাম উনি গণবাহিনী করতেন। বইয়ে লেখা আছে উনি গণবাহিনীর কমান্ডার ছিলেন। আমি একজন স্বাধীনতা বিরোধী ব্যক্তির বিপক্ষে ইলেকশন করেছি। দুই দুইবার জনগণ রায় দিয়েছে স্বাধীনতার বিরোধীর বিপক্ষে। আমার পক্ষে রায় দিয়েছে।

পূর্ববর্তি সংবাদ কট্টর মুসলিম বিদ্বেষী বরিস জনসনই হলেন বৃটেনের নতুন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদআসাম, ত্রিপুরার পর এবার মেঘালয়েই কারফিউ জারি, ইন্টারনেট সেবা বন্ধ