ইসলাম টাইমস ডেস্ক: ‘ভয়াবহ অসুস্থ বেগম জিয়াকে জেলে রেখে হত্যার নীলনকশা বাস্তবায়ন শুরু করেছে। একারণে শেখ হাসিনার সরাসরি নির্দেশে তাকে জামিন দেয়া হচ্ছে না। এখন আর ঘরে বসে থাকার সময় নেই । এই মিডনাইট সরকারের পতন ঘটাতে না পারলে নেত্রীকে মুক্ত করা সম্ভব নয়।’ এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আদালত খারিজ করে দেয়ার প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
দলের পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডার সুবাস্তু নজরভ্যালী টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিলটি ফুজি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পুলিশ মিছিলে ধাওয়া দিয়ে চারজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিএনপি।
















